শাপলা চত্বরে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম রবিবার (১৯ জুলাই) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানান।

চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বরের এই নারকীয় হত্যাকাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরে তদন্ত চালিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্ত কার্যক্রম শেষে ইতিমধ্যে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে একটি খসড়া প্রতিবেদন দাখিল করা হয়েছে। তিনি বলেন, প্রতিবেদনটি এখন চূড়ান্তভাবে যাচাই-বাছাই করা হচ্ছে, যাতে স্বচ্ছ বিচার নিশ্চিত করা সম্ভব হয় এবং প্রকৃত আসামিরা বিচারের সম্মুখীন হন। হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের উপস্থিতিতে আজ খসড়া প্রতিবেদনটি পর্যালোচনা করা হয়েছে এবং খুব দ্রুতই পূর্ণাঙ্গ প্রতিবেদন হাতে পাওয়ার আশা প্রকাশ করেন তিনি।

মামলায় কারা আসামি হচ্ছেন—এমন প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম জানান, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশ প্রধান ও বিজিবি প্রধানসহ বেশ কয়েকজনের নাম প্রতিবেদনে উঠে এসেছে। এই নামগুলো বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে এবং প্রক্রিয়ার শেষে আসামিদের তালিকায় সংযোজন বা বিয়োজন হতে পারে।

নিহতদের সংখ্যার বিষয়ে তিনি উল্লেখ করেন, ট্রাইব্যুনাল এ পর্যন্ত মোট ৬১ জনের একটি তালিকা পেলেও এর মধ্যে ৫৮ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। উল্লেখ্য, এদিন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদ, মাওলানা মামুনুল হক, মুফতি হারুন ইজহার ও মুফতি মীর ইদ্রিসসহ সংগঠনের অনেক নেতা উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত