দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৬৯ শিশু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৯ শিশু। আজ সোমবার (২০ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় যে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে, তারা হামের উপসর্গ নিয়ে মারা গেছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি এই সময়ে। এই ২৪ ঘণ্টায় ১৪৭ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ছিল ৯২২ জন।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৬৯৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৫ শিশু। অর্থাৎ, ১৫ মার্চ থেকে ২০ জুলাই পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৭৯৩ শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৮৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, আর এই সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ১১ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১৮ হাজার ৫৭০ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৪ হাজার ৫৭৮ জন। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ১ হাজার ২৬ জন রোগী, যাদের মধ্যে ৯৭ হাজার ৫৩২ জন ইতোমধ্যে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে।

কন্টেন্ট: সংগৃহীত