রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিতে পৌঁছেছেন যুগপৎ আন্দোলনে সম্পৃক্ত বিএনপির মিত্র রাজনৈতিক দল ও জোটের শীর্ষ নেতারা। সোমবার সন্ধ্যায় একে একে নেতাদের যমুনার ভেতরে প্রবেশ করতে দেখা যায়। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সন্ধ্যা সাড়ে সাতটায় এ বৈঠক শুরু হওয়ার কথা ছিল। সরকার গঠনের পর এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমান যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে সরাসরি বৈঠকে বসছেন।
বৈঠকে অংশগ্রহণকারী নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত আনুষ্ঠানিক শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশ্যেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। তবে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে যে, নির্বাচনের পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে বিএনপির বর্তমান সম্পর্ক ও সমীকরণ নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এ প্রসঙ্গে বলেন, আনুষ্ঠানিক চিঠিতে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কথা উল্লেখ থাকলেও, যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে বিএনপির সম্পর্ক আগের মতো অটুট আছে কি না, তা আলোচনায় গুরুত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে।
যমুনায় আসা নেতাদের মধ্যে রয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী জনশক্তি পার্টির নেতা শেখ রফিকুল ইসলাম, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল ও দলটির নেতা জোনায়েদ সাকি এবং প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। এছাড়াও আরও কয়েকটি দলের নেতারা বৈঠকে উপস্থিত রয়েছেন। বৈঠক উপলক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকেও যমুনায় প্রবেশ করতে দেখা গেছে।

