স্থানীয় সরকার নির্বাচনে আ. লীগ নেতাদের নিষিদ্ধের সুযোগ নেই: ইসি

স্থানীয় সরকার নির্বাচনে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের নেতাদের প্রার্থী হওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব গ্রহণ করেনি নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন যেহেতু নির্দলীয় কাঠামোতে পরিচালিত হয়, তাই কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাদের এই প্রক্রিয়ায় অংশ নেওয়া থেকে বিরত রাখার আইনি কোনো এখতিয়ার তাদের নেই। যোগ্যতার সব শর্ত পূরণ করলে যে কেউ এই নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার রাখেন।

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কমিশন তার কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় সরকার নির্বাচনের আইন ও বিধিমালায় বেশ কিছু সংশোধনী আনার প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের আদলে স্থানীয় সরকার নির্বাচনেও দ্বৈত নাগরিক এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) অভিযোগপত্রভুক্ত ব্যক্তিদের প্রার্থী হওয়ার সুযোগ না রাখার একটি প্রস্তাব সরকারের কাছে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মঙ্গলবার কমিশন সভায় স্থানীয় সরকারের পাঁচটি প্রতিষ্ঠান—সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ—নির্বাচন সংক্রান্ত আইন ও বিধিমালার সংশোধনী প্রস্তাব চূড়ান্ত করার কথা রয়েছে। প্রস্তাবিত এই সংশোধনীতে ঋণখেলাপি প্রতিষ্ঠানের অংশীদার পরিচালক, ঋণখেলাপির জামিনদার এবং এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণা করার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচন-সংক্রান্ত আপিল দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এক সদস্যবিশিষ্ট আপিল ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের জন্য ভোটারের ১ শতাংশ সমর্থনসূচক স্বাক্ষরের বিদ্যমান বিধানটি বাতিল, জামানতের পরিমাণ বৃদ্ধি এবং হলফনামায় ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য প্রদানের ক্ষেত্রে মনোনয়ন বাতিলের বিধান যুক্ত করার প্রস্তাবও চূড়ান্ত করা হচ্ছে।