দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, যদিও এই শিশুদের মৃত্যু হামের উপসর্গের কারণে হয়েছে, তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৭০২টি শিশু মারা গেছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও ৯৫টি শিশুর মৃত্যু হয়েছে। অর্থাৎ, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৭৯৭টি শিশুর প্রাণহানির ঘটনা ঘটেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩০টি শিশু হামে আক্রান্ত হয়েছে এবং ৮৭৮ জন হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছে। অর্থাৎ এই সময়ে মোট ১ হাজার ৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। একই সময়ে ১ হাজার ২১৮টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এবং হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে ৮৭৯টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্যমতে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ১৯ হাজার ৪৪৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৪ হাজার ৭০৮ জন। এ পর্যন্ত মোট ১ লাখ ২ হাজার ২৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ৯৮ হাজার ৪১১ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।

কন্টেন্ট: সংগৃহীত