জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বিগত দিনে আমরা সাংবাদিকতার নামে উগ্র দালালি দেখেছি। অনেকেই প্রলুব্ধ হয়েছে এবং অনেক কিছু করার জন্য অন্যদের উসকানি দিয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে নেত্রকোণার দুর্গাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচার একাডেমিতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র আয়োজনে সাংবাদিকদের তিনদিনব্যাপী মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আমরা একটি নতুন সমীকরণের মাধ্যমে দেশের সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে চাই। যখন অনেক সাংবাদিক সত্য রিপোর্ট করেন, তখন তাদের ওপর হামলা ও মামলার ঘটনা ঘটে। রাজনৈতিক নেতাদের প্রশ্রয়ে বালু চুরি, কয়লা চুরির মতো অপরাধগুলো ঘটে থাকে এবং সাংবাদিকরা এসব রিপোর্ট করলেই তাদের ওপর হামলা চালানো হয়। দুঃখজনকভাবে, এসব মামলার আসামিদের বিচার তো দূরের কথা, তাদের গ্রেপ্তার পর্যন্ত করা হয় না। তিনি আরও বলেন, অপরাধী অপরাধীই, সন্ত্রাসী সন্ত্রাসীই; কে কোন দলের তা বিবেচ্য বিষয় নয়।
ডেপুটি স্পিকার আরও বলেন, আমরা পুরনো ছাঁচে এই বাংলাদেশকে পেতে চাই না। ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনের সময় এনটিভি, বাংলা ভিজন ও দেশ টিভিসহ পাঁচটি মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা সেই জমানায় আর ফেরত যেতে চাই না। তিনি বলেন, এই জুলাই মাসে আমার শত মায়ের বুক খালি হয়েছে। দুর্গাপুর ও কলমাকান্দায় চারজন করে মোট আটজন শহিদ হয়েছেন এবং অনেক মানুষ আহত হয়েছেন। যদি আমরা সেই রক্তস্নাত বাংলাদেশে দাঁড়িয়ে আবারও পুরনো ধাঁচেই চলি, তাহলে কেন আমাদের ভাই ও সন্তানরা রক্ত দিয়ে ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ গড়েছে?
পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার তরিকুল ইসলাম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত প্রমুখ।

