স্থানীয় সরকারব্যবস্থা কার্যকর করার মাধ্যমেই একটি দেশের গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থাকে সত্যিকার অর্থে শক্তিশালী করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাজধানীর কাকরাইলে অবস্থিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের আয়োজনে স্থানীয় সরকার শক্তিশালীকরণবিষয়ক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, উন্নত বিশ্বের দেশগুলোতে স্থানীয় সরকারই প্রশাসন, বিচার বিভাগ, স্বাস্থ্যসেবা এবং বিভিন্ন জনসেবামূলক কার্যক্রমের মূল ভিত্তি হিসেবে দায়িত্ব পালন করে। অথচ স্বাধীনতার পর থেকে বাংলাদেশে স্থানীয় সরকারকে সেই কাঙ্ক্ষিত শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এখন সময় এসেছে স্থানীয় সরকারকে প্রকৃত অর্থে ক্ষমতায়নের। তৃণমূল পর্যায়ে জনগণের সবচেয়ে কাছের প্রতিনিধি হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা জনগণের সমস্যা, চাহিদা ও সম্ভাবনা সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। তাই দেশের উন্নয়ন এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে স্থানীয় সরকারকে আরও কার্যকর ও শক্তিশালী করা জরুরি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্লেখ করেন, দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচারী শাসন থেকে মুক্ত হয়ে বাংলাদেশ এখন গণতন্ত্র পুনর্গঠনের একটি নতুন সুযোগ পেয়েছে। অতীতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু দেশের উন্নয়ন ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে শক্তিশালী স্থানীয় সরকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সম্মানী ভাতা সম্মানজনক পর্যায়ে উন্নীত করার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার প্রতিশ্রুতি দেন। এছাড়া জনপ্রতিনিধিদের কল্যাণে ট্রাস্ট ও তহবিল গঠনের বিষয়ে সরকার ইতিবাচক উদ্যোগ নেবে বলেও তিনি আশ্বস্ত করেন।
সরকার স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে বদ্ধপরিকর জানিয়ে মন্ত্রী বলেন, ইউনিয়ন পরিষদের নির্বাচনসহ আগামীতে সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। জনগণের ভোটেই চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা নির্বাচিত হবেন।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন বলেন, তৃণমূলের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের উন্নয়ন কার্যক্রম তাদের মাধ্যমেই সাধারণ মানুষের কাছে পৌঁছায়। দুর্যোগকালীন ত্রাণ বিতরণসহ সব ধরনের কার্যক্রমে জনপ্রতিনিধিদের সর্বাত্মক সহযোগিতা করা হবে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. পয়গাম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য এবং স্থানীয় সরকারসংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

