ইনজুরির কারণে ‘দ্য হান্ড্রেড’ থেকে ছিটকে গেলেন মোস্তাফিজ

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের ১০০ বলের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এ দল পেয়ে ইতিহাস গড়েছিলেন মোস্তাফিজুর রহমান। তবে বল মাঠে গড়ানোর আগেই সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। হাঁটু ও হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে পুরো আসর থেকেই ছিটকে গেছেন এই টাইগার পেসার।

এবারের নিলামে ১ লাখ পাউন্ডের বিনিময়ে কাটার মাস্টার মোস্তাফিজকে দলে ভিড়িয়েছিল বার্মিংহ্যাম ফিনিক্স। গত ৬ই জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে বোলিং করার সময় তিনি চোটে পড়েন। পরবর্তীতে মেডিকেল পরীক্ষায় তার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে ‘গ্রেড-১ টিয়ার’ ধরা পড়ে। একই সঙ্গে তার পুরোনো হাঁটু ও মেনিস্কাসের সমস্যাটিও নতুন করে প্রকট হয়ে উঠেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং বার্মিংহ্যাম ফিনিক্সের মেডিকেল বিভাগের সম্মিলিত সিদ্ধান্তের প্রেক্ষিতে মোস্তাফিজের রিহ্যাব বা পুনর্বাসন প্রক্রিয়া দেশেই সম্পন্ন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী সোমবার বিসিবিতে তার চূড়ান্ত ফিটনেস পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে সেই পরীক্ষার আগেই বার্মিংহ্যাম কর্তৃপক্ষ মোস্তাফিজের টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার বিষয়টি নিশ্চিত করেছে। গতকাল এক বিবৃতিতে তারা জানিয়েছে, দ্রুতই মোস্তাফিজের বদলি হিসেবে অন্য কোনো ক্রিকেটারের নাম ঘোষণা করা হবে।

কন্টেন্ট: সংগৃহীত