সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জনের মধ্যে সফর সংক্ষিপ্ত করে আগামীকাল শুক্রবার দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৩ জুলাই) সংসদ সচিবালয়ের একটি সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ গত ১৯ জুলাই চিকিৎসার জন্য ব্যাঙ্কক গিয়েছিলেন। পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী তার আগামী ২৬ জুলাই দেশে ফেরার কথা ছিল এবং সেই অনুযায়ী ফিরতি টিকিটও কাটা ছিল। তবে সংসদ সচিবালয়ের সূত্রে জানা গেছে, বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে সরকারের উচ্চ পর্যায় থেকে তাকে দ্রুত দেশে ফেরার অনুরোধ জানানো হয়েছে।

সংসদ সচিবালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, সরকারের উচ্চ পর্যায়ের অনুরোধের কারণেই স্পিকার তার সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন। দ্রুত দেশে ফেরার কারণ সম্পর্কে জানতে চাইলে ওই কর্মকর্তা জানান, গত কয়েকদিন ধরেই রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। সেই প্রেক্ষিতেই হয়তো তিনি সফর সংক্ষিপ্ত করছেন। তবে সবকিছু আগামীকাল শুক্রবারই পরিষ্কার হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কন্টেন্ট: সংগৃহীত