বাজেট বাস্তবায়নই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী

নতুন জাতীয় বাজেটের প্রকৃত সাফল্য এর কার্যকর বাস্তবায়নের ওপরই নির্ভর করবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি স্পষ্ট করেছেন যে, একটি ভালো বাজেট প্রণয়ন করা গুরুত্বপূর্ণ হলেও, নির্ধারিত লক্ষ্য ও কর্মসূচিগুলো সফলভাবে সম্পন্ন হলেই কেবল এর প্রকৃত সার্থকতা অর্জিত হবে।

গতকাল বৃহস্পতিবার অর্থ বিভাগের কর্মকর্তাদের সাথে আয়োজিত প্রথম আনুষ্ঠানিক সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এই মন্তব্য করেন। অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার সভায় সভাপতিত্ব করেন। অর্থমন্ত্রী সভায় অর্থ বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গত দেড় থেকে দুই মাসের নিবিড় পরিশ্রমের ফসল হিসেবে প্রণীত এই বাজেট সাধারণ মানুষ, ব্যবসায়ী সমাজ এবং বিভিন্ন অংশীজনের কাছে ইতিবাচক সাড়া পেয়েছে। তবে বাজেটের প্রকৃত মূল্যায়ন হবে এর বাস্তবায়নের মাধ্যমেই। তিনি বলেন, বাজেটের সফল বাস্তবায়নই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যা অর্থ বিভাগের সবার যৌথ প্রচেষ্টার মাধ্যমে মোকাবিলা করা সম্ভব।

দেশের সাধারণ মানুষের মধ্যে আমলাতন্ত্র সম্পর্কে যে নেতিবাচক ধারণা রয়েছে তা পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, গত চার মাসের অভিজ্ঞতায় তিনি দেখেছেন যে সবাই একসঙ্গে কাজ করলে যেকোনো জটিল সমস্যা ও বাধা অতিক্রম করা সম্ভব। কর্মকর্তাদের তিনি প্রচলিত ধ্যান-ধারণার বাইরে এসে বৈশ্বিক পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে কাজ করার আহ্বান জানান। দ্রুত পরিবর্তনশীল বিশ্বে পুরনো কর্মপদ্ধতিতে আটকে থাকলে কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন উল্লেখ করে তিনি উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তির ব্যবহার এবং নতুন ধারণাকে কাজে লাগিয়ে রাষ্ট্রীয় সেবা ও অর্থনৈতিক ব্যবস্থাপনায় গতি আনার ওপর জোর দেন।

কন্টেন্ট: সংগৃহীত