ফেনীর পরশুরাম উপজেলার একটি বাসা থেকে ফারহানা আক্তার ওরফে প্রিয়া নামের এক কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা গেটসংলগ্ন সড়কের কাদের টাওয়ারের তিনতলার একটি ফ্ল্যাট থেকে পুলিশ এই লাশ উদ্ধার করে। নিহত ফারহানা নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট এলাকার সাইফুল ইসলামের মেয়ে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই ফ্ল্যাটে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া গ্রামের বাসিন্দা মোশাররফ হোসেন তালুকদার ও তাঁর স্ত্রী জাহেদা আক্তার বসবাস করেন। জাহেদা আক্তার স্থানীয় কেতরাঙ্গা মোহাম্মদপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। প্রায় তিন বছর ধরে ফারহানা এই দম্পতির বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছিল।
ঘটনার দিন সকালে জাহেদা আক্তার ফারহানাকে বাসায় রেখে বিদ্যালয়ে যান। সন্ধ্যায় বাসায় ফিরে কলিং বেল টিপলে ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকে একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ফারহানার ঝুলন্ত লাশ দেখতে পান তারা। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি চিরকুট জব্দ করা হয়েছে। তবে ওই চিরকুটে মৃত্যুর বিষয়ে সরাসরি কোনো কারণ উল্লেখ নেই। এটি আদৌ ওই কিশোরীর হাতের লেখা কি না এবং মৃত্যুর সঙ্গে এর কোনো সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশটি ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। উদ্ধার করা আলামত ও ঘটনার পারিপার্শ্বিক বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

