সৌদি আরবের পবিত্র দুই মসজিদ তথা হারামাইন শরিফাইনে আজ শুক্রবার (২৪ জুলাই) জুমার নামাজ পড়াবেন দেশটির দুই প্রখ্যাত আলেম ও কারি। মক্কার পবিত্র মসজিদুল হারামে আজকের জুমার নামাজ ও খুতবা পরিচালনা করবেন শায়খ ড. বানদার বালিলাহ। অন্যদিকে, মদিনার পবিত্র মসজিদে নববীতে ইমামতি ও খুতবা দেওয়ার দায়িত্বে থাকবেন শায়খ কারি আব্দুল মুহসিন ইবনে মুহাম্মাদ ইবনে আব্দুর রহমান আল-কাসিম।
মক্কার মসজিদুল হারামের ইমাম শায়খ ড. বানদার বালিলাহ ১৯৭৫ সালে মক্কায় জন্মগ্রহণ করেন। তিনি মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামি আইন বিষয়ে স্নাতক এবং ইসলামি ফিকহে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। এরপর ২০০৮ সালে মদিনার ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে ইসলামি ফিকহে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। ২০১৩ সালে মসজিদুল হারামের ইমাম হিসেবে নিযুক্ত হওয়ার আগে তিনি মক্কার বিভিন্ন মসজিদে ইমামের দায়িত্ব পালন করেছেন।
মদিনার মসজিদে নববীর ইমাম ও খতিব শায়খ আল-কাসিম ১৯৬৭ সালে মক্কায় জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি মদিনার শরিয়া আদালতের বিচারক হিসেবেও দায়িত্ব পালন করছেন। ইমাম মুহাম্মাদ বিন সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করার পর তিনি ১৯৮৯ সালে তুলনামূলক ফিকহে স্নাতকোত্তর এবং ১৯৯২ সালে ইসলামি ফিকহে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। সুমধুর ও হৃদয়স্পর্শী কোরআন তেলাওয়াতের জন্য মুসলিম বিশ্বে অত্যন্ত জনপ্রিয় শায়খ আল-কাসিম দীর্ঘদিন ধরে সৌদি আরবের আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে গত শুক্রবার (১৭ জুলাই) মক্কার পবিত্র মসজিদুল হারামে জুমার নামাজের খুতবা ও ইমামতি করেছিলেন শায়খ ড. মাহের বিন হামাদ আল-মুয়াইক্লি। ওই দিন সৌদি সরকারের বিশেষ ওমরাহ ও জিয়ারত কর্মসূচির অংশ হিসেবে ১৬টি এশীয় দেশের ২৫০ জন আমন্ত্রিত অতিথি মসজিদুল হারামে জুমার নামাজ আদায় করেছিলেন।
ইসলামের সবচেয়ে পবিত্রতম দুই মসজিদকে সৌদি আরবের সরকারি ব্যবস্থাপনায় একত্রে ‘হারামাইন শরিফাইন’ বলা হয়। এর মধ্যে মক্কা নগরীতে অবস্থিত মসজিদুল হারামের কেন্দ্রস্থলে রয়েছে পবিত্র কাবা শরিফ, যেটির দিকে মুখ করে বিশ্বের সব প্রান্তের মুসলমানরা নামাজ আদায় করেন। আর মদিনা নগরীতে অবস্থিত মসজিদে নববীটি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর হিজরতের পর প্রতিষ্ঠিত হয়। এই মসজিদের পাশেই অবস্থিত রওজা মোবারকে মহানবী (সা.) শায়িত আছেন, যা জিয়ারত করতে প্রতিবছর লাখো মুসল্লি মদিনায় সমবেত হন।

