ইতালিতে পাঠানোর কথা বলে কেনিয়ায় বিক্রির দায়ে দালাল গ্রেপ্তার

ইতালিতে বৈধভাবে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক তরুণকে কেনিয়ার একটি মাফিয়া চক্রের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগে তোতা মাল (৬২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। র‍্যাব বলছে, গ্রেপ্তার হওয়া তোতা মালের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, ইতালিতে পাঠানোর আশ্বাসে ওই তরুণের পরিবারের কাছ থেকে ১৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর তাঁকে শ্রীলঙ্কা ও ভারত হয়ে কেনিয়ায় পাচার করা হয়। পাচারের পর তাঁকে মুক্ত করার শর্তে পরিবারের কাছে আরও পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরিবার বাধ্য হয়ে তিন লাখ টাকা পরিশোধ করলেও ওই তরুণ শেষ পর্যন্ত দেশে ফিরতে পারেননি।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মীরহাজির বাগ এলাকায় অভিযান চালিয়ে তোতা মালকে গ্রেপ্তার করা হয়। তিনি মাদারীপুরের শিবচর উপজেলার বাজেহারচর এলাকার বাসিন্দা এবং এই মামলার এজাহারভুক্ত আসামি। র‍্যাবের তথ্য অনুযায়ী, মাদারীপুরের শিবচর উপজেলার উত্তরাইল এলাকার বাসিন্দা মো. তামিমকে বৈধভাবে ইতালিতে পাঠানোর কথা বলে ২০২৪ সালের ২৮ নভেম্বর তোতা মালসহ একটি দালাল চক্র তাঁর পরিবারের কাছ থেকে ১৬ লাখ টাকা নেয়। ওই দিনই তাঁকে ইতালিতে পাঠানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

কিন্তু ইতালির বদলে তামিমকে প্রথমে শ্রীলঙ্কায় নেওয়া হয় এবং সেখানে কিছুদিন আটকে রাখার পর অবৈধভাবে ভারতে পাচার করা হয়। সেখান থেকে তাঁকে কেনিয়ায় নিয়ে একটি মাফিয়া চক্রের কাছে বিক্রি করে দেওয়া হয় বলে র‍্যাবের দাবি। এ ঘটনায় গত ১৫ মার্চ তামিমের মা মাদারীপুরের শিবচর থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে র‍্যাব-১০ গোয়েন্দা নজরদারি শুরু করে।

র‍্যাব-১০-এর গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি তোতা মালকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব জানিয়েছে, মানব পাচারসহ এ ধরনের অপরাধের বিরুদ্ধে সংস্থাটি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে আসছে এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

কন্টেন্ট: সংগৃহীত