সৌদি আরবে ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন মা তানিয়া, তাদের ছোট ছেলে তাসবিক এবং মেয়ে জারা। এই মর্মান্তিক দুর্ঘটনায় পরিবারটির বাবা শফিকুল ইসলাম ও তাদের বড় ছেলে অক্ষত অবস্থায় বেঁচে গেছেন।
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় বেলা ৩টার দিকে রিয়াদ-মক্কা মহাসড়কে। পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে শফিকুল ইসলাম তার পরিবারের সদস্যদের নিয়ে নিজস্ব প্রাইভেট কারে করে ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কার পথে যাত্রা করেছিলেন। রিয়াদ থেকে প্রায় ৩০০ কিলোমিটার পথ অতিক্রম করার পর মহাসড়কে পেছন থেকে একটি দ্রুতগামী বড় যানবাহন তাদের প্রাইভেট কারটিকে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কার তীব্রতায় গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মা তানিয়া, ছোট ছেলে তাসবিক ও মেয়ে জারা মৃত্যুর কোলে ঢলে পড়েন। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে নিহত তানিয়া তাহমিনা রিনার ভাই তৌহিদ মোহাম্মদ মুরাদ গণমাধ্যমকে বলেন, আমার বোন, দুলাভাই এবং তাদের তিন সন্তান ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কা যাচ্ছিলেন। পথে তাদের প্রাইভেটকার পেছন থেকে একটি বড় যানবাহন সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আমার বোন, ছোট ভাগনে ও ভাগনি মারা যায়।

