মোহাম্মদপুরে ইমিগ্রেশন পুলিশের এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩ সেলাই

রাজধানীর মোহাম্মদপুরের কাদিরাবাদ হাউজিং এলাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) ওসমান গনি দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে কাদিরাবাদ হাউজিংয়ের মূল সড়কে এই ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই রাতে স্ত্রী তানজিনা সীমা ও একমাত্র সন্তানকে সঙ্গে নিয়ে কাঁচাবাজার শেষে বাসায় ফিরছিলেন এসআই ওসমান গনি। এ সময় পেছন থেকে এক দুর্বৃত্ত তার পিঠে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। হামলার পরপরই আহত পুলিশ সদস্য হামলাকারীকে ধাওয়া করলেও তাকে আটক করতে পারেননি।

আহত অবস্থায় ওসমান গনিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তার পিঠে অন্তত ৪৩টি সেলাই দিয়েছেন, কারণ তার পুরো পিঠজুড়েই গুরুতর ক্ষত তৈরি হয়েছে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের (মোহাম্মদপুর-আদাবর) জোনের সহকারী কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এটি ছিনতাইয়ের ঘটনা নয়। ভুক্তভোগীর সঙ্গে কথা বলে মনে হয়েছে পূর্বশত্রুতার জেরে এই ঘটনা ঘটতে পারে। আমরা জড়িত হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছি।’

কন্টেন্ট: সংগৃহীত