অসুস্থতার কারণে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

গুরুতর স্বাস্থ্যগত জটিলতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার বিকাল ৫টা ১ মিনিটে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে তিনি তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র দাখিল করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০ অনুচ্ছেদের ৩ নম্বর দফা অনুযায়ী এই পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্পিকার।

এক জরুরি সংবাদ সম্মেলনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, রাষ্ট্রপতির দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন। তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন। এছাড়া তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে এবং স্বাস্থ্য পরীক্ষায় অটোনমিক নিউরোপ্যাথি নামক রোগ শনাক্ত হয়েছে, যার কারণে তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন। এই শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না।

স্পিকার আরও জানান, সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণের পর তিনি পদত্যাগপত্রটি জাতীয় সংসদ সচিবালয়ের রেকর্ডে সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন। কোনো কারণে স্পিকারের পদ শূন্য থাকলে ডেপুটি স্পিকারের দায়িত্ব পালনের বিধানও তিনি উল্লেখ করেন।

বিদায়ী রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে স্পিকার বলেন, মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও মো. সাহাবুদ্দিন বর্তমানে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে, তার প্রতি সবসময়ই সমর্থন ও শ্রদ্ধা প্রকাশ করেছেন বলে তিনি মনে করেন।

কন্টেন্ট: সংগৃহীত