বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সবচেয়ে যোগ্য প্রার্থী হিসেবে মনে করছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। শুক্রবার (২৪ জুলাই) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মতামত ব্যক্ত করেন।
ফেসবুক পোস্টে আসিফ নজরুল প্রশ্ন রাখেন, “বাংলাদেশের পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন?” এরপর নিজেই তার উত্তরে বলেন, “আমার মতে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ পদে যোগ্য ব্যক্তি।”
মির্জা ফখরুলের রাজনৈতিক পটভূমি তুলে ধরে তিনি উল্লেখ করেন, শেখ হাসিনার সরকারের শাসনামলে বিএনপি মহাসচিব হিসেবে মির্জা ফখরুল দলকে নেতৃত্ব দিয়েছেন। এ সময় তিনি নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন এবং অনেক ত্যাগ স্বীকার করেছেন। রাজনীতিবিদদের মধ্যে তিনি একজন মডারেট, সদাচারী এবং সুবক্তা হিসেবেও পরিচিত বলে আসিফ নজরুল তার পোস্টে মন্তব্য করেন।
আসিফ নজরুল আরও জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে মির্জা ফখরুল অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও তার দীর্ঘদিনের বোঝাপড়ার সম্পর্ক রয়েছে। যদিও বিএনপিতে রাষ্ট্রপতি হওয়ার মতো উপযুক্ত আরও অনেকে আছেন বলে তিনি স্বীকার করেন, তবে সব দিক বিবেচনায় মির্জা ফখরুল এগিয়ে থাকবেন। তিনি আরও যোগ করেন, যদি কোনো রাজনীতিবিদকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচন করা হয়, তবে মির্জা ফখরুল সম্ভবত সেরা প্রার্থী হবেন।

