নেতৃত্বের সংকটের কারণেই দেশ অনেক পিছিয়ে পড়েছে: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বাংলাদেশে নেতৃত্বের অভাব রয়েছে এবং এই নেতৃত্বের সংকটের কারণেই দেশ অনেক পিছিয়ে পড়েছে। স্বাধীনতার এত বছর পার হওয়ার পর বাংলাদেশ যে অবস্থানে থাকার কথা ছিল, তা অর্জিত হয়নি বলে তিনি মন্তব্য করেন।

শুক্রবার রাতে লক্ষ্মীপুর শহরের পৌর সুপার মার্কেটে আয়োজিত লক্ষ্মীপুর ক্লাব লিমিটেডের তিন যুগ পূর্তি উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর আন্তরিকতার কোনো অভাব নেই এবং তিনি বড় চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। দেশের স্বার্থে এবং জনগণের কল্যাণে সরকারকে সহযোগিতা করা এখন সবার নৈতিক দায়িত্ব। তিনি বলেন, এখন আমাদের সচেতন হতে হবে এবং তারেক রহমানকে সহযোগিতার মাধ্যমে দেশের উন্নয়ন ও ভাবমূর্তি উজ্জ্বল করে একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়ার বিষয়ে ভাবতে হবে।

লক্ষ্মীপুর ক্লাব লিমিটেডের সভাপতি মঈন উদ্দিন চৌধুরী কামরুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ননী গোপাল, বাফুফের সহ-সভাপতি মো. ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, ক্রীড়া সংগঠক আবদুর রব শামীম এবং লক্ষ্মীপুর ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জুয়েলসহ অন্যান্যরা।