শিপিং রিপোর্টার্স ফোরাম বাংলাদেশের নতুন সভাপতি হাবিব, সম্পাদক রাকিব

শিপিং রিপোর্টার্স ফোরাম বাংলাদেশের (এসআরএফবি) নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল ওয়ানের সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এখন টিভির মাহমুদ রাকিব।

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর পরীবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে এই নির্বাচন সম্পন্ন হয়। এর আগে বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে বৈশাখী টিভির ফাহিম মোনায়েম এবং বিটিভির মেজবাহ উল্লাহ শিমুল সমান ভোট পাওয়ায় তাদের উভয়কেই যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

কমিটির অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন—সহ-সভাপতি মাহবুব সৈকত (মাই টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম সুমন (ভোরের ডাক), কোষাধ্যক্ষ বোরহান উদ্দিন (ঢাকা মেইল), দপ্তর সম্পাদক রাশিম মোল্লা (দৈনিক মানবজমিন) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আলম (কালবেলা)। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন শামছুল ইসলাম (দৈনিক নয়া দিগন্ত), হরলাল রায় সাগর (ভোরের কাগজ), ফয়সাল আহাম্মেদ (দি বাংলাদেশ মেইল) ও আশীষ কুমার সেন (দৈনিক জনতা)।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন। তার সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এবং সাবেক সাধারণ সম্পাদক মহি উদ্দিন।