জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ শনিবার (২৫ জুলাই) গাজীপুরের বেশ কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই বিদ্যুৎ বিভ্রাট চলবে।
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কাশিমপুর জোনাল অফিস শুক্রবার (২৪ জুলাই) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নরসিংহপুর রোডের সুরাবাড়ী উপকেন্দ্র থেকে দত্ত মার্কেট, ছায়াতল মার্কেট, সুরাবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ, রাইচমিল হয়ে মিছারবাগ বটতলা পর্যন্ত বিস্তৃত ১১কেভি ফিডারটি অত্যন্ত দীর্ঘ এবং এতে লোডের পরিমাণ বেশি। এই ফিডারটিকে ছোট করতে এবং লোডশেডিং কমিয়ে গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে আরও দুটি নতুন ফিডার নির্মাণ করা হবে। এই কাজের জন্যই সাময়িকভাবে বিদ্যুৎ বন্ধ রাখা হবে।
যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সেগুলোর মধ্যে রয়েছে: কাশিমপুর, সুরাবাড়ি, বাগবাড়ী, শরপাইতলী, ছায়াতল মার্কেট, দত্ত মার্কেট, রাইচমিলের আশপাশের এলাকা, মিছারবাগ বটতলার আশপাশের এলাকা, মাদরাসা বাজারের আশপাশের এলাকা, শাকিল সিনথিয়া রোড, মনটেক্স এর আশপাশের এলাকা, লালদিঘি, কবরস্থান এলাকা, বারেন্ডা (আংশিক), রফিকুল ইসলাম স্কুল এর আশপাশের এলাকা, খানকা শরিফের আশপাশের এলাকা, রওশন মার্কেট এলাকা, হাকের নাল এবং নয়াপাড়ার আংশিক এলাকা।
এই সাময়িক অসুবিধার জন্য পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ, বিশেষ করে কাশিমপুর জোনাল অফিস, আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।

