খুলনা ও চট্টগ্রামসহ ৭ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কবার্তা

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। শনিবার (২৫ জুলাই) আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

শনিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

ঝড়ো হাওয়ার পূর্বাভাস থাকায় উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট ৭টি অঞ্চলের নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে নৌযানগুলোকে চলাচলের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন এবং আবহাওয়া অধিদফতরের সতর্ক বার্তা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত