ধামরাইয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত

ঢাকার ধামরাই উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কে বাসের ধাক্কায় দুটি মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনের মধ্যে দুজন ঘটনাস্থলেই প্রাণ হারান এবং অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত ব্যক্তিরা হলেন সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জগন্নাথ সাহার ছেলে আবাস সাহা (২৫), মানিকগঞ্জের শিবালয়ের আশুতোষ সাহার ছেলে সুজয় সাহা (১৮) এবং সাভারের পল্লীবিদ্যুৎ এলাকার নকিবুল্লার ছেলে সৈয়দ নাইমুল হক (৩০)। আবাস সাহা মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন এবং সুজয় সাহা উচ্চমাধ্যমিকের (এইচএসসি) পরীক্ষার্থী ছিলেন। সৈয়দ নাইমুল হক একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকাল সাড়ে সাতটার দিকে ইসলামপুর এলাকায় আরিচামুখী লেনে একটি বাস নষ্ট হয়ে দাঁড়িয়ে ছিল। এর ফলে একটি প্রাইভেট কার ও কাভার্ড ভ্যান গতি কমিয়ে দেয়। তাদের পেছনে থাকা দুটি মোটরসাইকেলের চালকও গতি কমালে পেছন থেকে আসা আরেকটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুটিকে সজোরে ধাক্কা দেয়। বাসটি মোটরসাইকেল দুটিকে বেশ খানিকটা পথ টেনেহিঁচড়ে নিয়ে যায়।

ধামরাই ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সীমিন সাইয়ারা জানিয়েছেন, সকাল ৮টা ১০ মিনিটে আবাস ও সুজয়কে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের দুজনের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। এদিকে, গুরুতর আহত অবস্থায় সৈয়দ নাইমুল হককে সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার ইনচার্জ মো. ইউসুফ জানান, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে নাইমুল হক মারা যান।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানিয়েছেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত