রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের ফলে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। শুক্রবার (২৪ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।
তিনি জানান, সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা বাধ্যতামূলক। সেই অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচন আইন-১৯৯১ অনুসরণ করে পুরো নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার নিজেই রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।
ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার পরেই নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনার উল্লেখ করেন। নির্বাচন পদ্ধতি সম্পর্কে তিনি জানান, এটি মূলত সংরক্ষিত নারী আসনের নির্বাচনের আদলে পরিচালিত হবে। যদি একাধিক প্রার্থী থাকে, তবে নির্ধারিত দিনে জাতীয় সংসদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর একক প্রার্থী থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হবে।
নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, জাতীয় সংসদের ৩৫০ জন সংসদ সদস্য এই নির্বাচনের ভোটার হিসেবে গণ্য হবেন। ভোটার তালিকা তৈরির কাজ দ্রুত শেষ করার প্রস্তুতি চলছে। সাপ্তাহিক ছুটির কারণে কমিশনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকায়, আগামী রোববার বা তার পরের দিনগুলোতে তফসিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠক করবে ইসি।

