পরীক্ষাব্যবস্থা সংস্কারে নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্কফোর্স গঠন মোদি সরকারের

ভারতে প্রশ্নফাঁস রোধ এবং শিক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও আধুনিক করার লক্ষ্যে একটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠন করেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। এই বিশেষজ্ঞ দলটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নিলেকানিকে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রোববার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ও এক্সে প্রকাশিত একটি ভিডিও বার্তার মাধ্যমে এই টাস্কফোর্স গঠনের ঘোষণা দেন। ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী জানান, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে কেন্দ্র সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও উল্লেখ করেন যে, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত অপরাধীরা বর্তমানে কারাগারে সাজা ভোগ করছে এবং তাদের বিচারের জন্য দ্রুত বিচার আদালতও স্থাপন করা হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার (২৭ জুলাই) সংসদে কঠোর বিধানসহ একটি নতুন আইন পাস করার উদ্যোগ নেওয়া হচ্ছে। ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’ নামে এই আইনটি প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর শাস্তির বিধান নিশ্চিত করবে। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী মোদি তরুণ ও শিক্ষার্থীদের উদ্দেশে তৃতীয়বারের মতো সরাসরি বক্তব্য দিলেন।

দীর্ঘমেয়াদী সংস্কারের অংশ হিসেবে নন্দন নিলেকানির নেতৃত্বাধীন এই বিশেষজ্ঞ দল দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলবে। এই টাস্কফোর্সের প্রতিবেদনের ওপর ভিত্তি করেই পরীক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে। এর আগে গত সপ্তাহে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের আকস্মিক পদত্যাগ এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) কাঠামো পুনর্গঠনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার।

এদিকে প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর সমালোচনামূলক প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দল সিপিআইএম-এর রাজ্যসভার এমপি জন ব্রিটাস। তিনি প্রশ্ন তুলেছেন, ২০২৪ সালের জুনে নিট-ইউজি প্রশ্নফাঁস কেলেঙ্কারির পর গঠিত কে রাধাকৃষ্ণন কমিটির জমা দেওয়া ১৮৪ পৃষ্ঠার প্রতিবেদনের বর্তমান অগ্রগতি কতদূর, তা সরকারের স্পষ্ট করা উচিত।

কন্টেন্ট: সংগৃহীত