দেশের বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে অতি সংবেদনশীল ৩০টি পণ্যকে এই প্রযুক্তির নজরদারিতে আনা হবে।
শুক্রবার বিকেলে সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, বাজারের সাম্প্রতিক স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের একাধিক সংস্থা কাজ করছে। পণ্যের উৎপাদন পরিস্থিতি, আবহাওয়া ও ফলনের প্রভাব এবং আন্তর্জাতিক বাজারের সার্বিক অবস্থা বিশ্লেষণ করে পূর্বাভাস পেতে সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি সমন্বিত এআই মডেল তৈরি করা হবে।
বর্তমানে বৈশ্বিক দুটি যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্থবিরতা বিরাজ করছে এবং এর নেতিবাচক প্রভাব সমজাতীয় পণ্য উৎপাদনকারী দেশগুলোতেও পড়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি আরও জানান, দেশের শিল্প কলকারখানায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে যাতে উৎপাদন ব্যবস্থা সচল থাকে।
অনুষ্ঠানে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন নিয়েও কথা বলেন বাণিজ্যমন্ত্রী। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে তার ইতিবাচক আলোচনা হয়েছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে হাসপাতালের আউটডোর সেবা কার্যক্রম শুরুর লক্ষ্যে জনবল নিয়োগসহ যাবতীয় প্রস্তুতি দ্রুতগতিতে এগিয়ে চলছে।
সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান। অনুষ্ঠান শেষে মন্ত্রী প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ছাগলের খাদ্য বিতরণ করেন এবং প্রধানমন্ত্রীর ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন করেন।

