ফুটবলের উন্মাদনায় ঢাকায় শুরু হলো এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ

ঢাকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠল দেশের প্রথম আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ (এএফসি) ২০২৬-এর। ‘ওয়ান স্কাই, ওয়ান ফিল্ড, ওয়ান চ্যাম্পিয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই ফুটসাল টুর্নামেন্টে অংশ নিচ্ছে দেশি-বিদেশি ১৬টি এয়ারলাইন্স। দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৪ জুলাই।

শুক্রবার রাজধানীর গুলশান ইউথ ক্লাব টার্ফ মাঠে টুর্নামেন্টটির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা এবং ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো। এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) এই টুর্নামেন্টটির আয়োজন করেছে। এবারের আসরে টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে এনভয়-শেলটেক এভিয়েশন এবং পাওয়ার্ড বাই পার্টনার হিসেবে রয়েছে ভিআইপি মোটরস।

উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, বাংলাদেশের মানুষ ফুটবলপ্রেমী। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনাকে ঘিরে মানুষের যে আবেগ ও উন্মাদনা, তা বিশ্বজুড়েই পরিচিত। এই ফুটবল ভালোবাসাকে ধারণ করে আয়োজিত এমন উদ্যোগ দেশের ফুটবলকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, একদিন বাংলাদেশের ফুটবলও এমন অবস্থানে পৌঁছাবে, যখন দেশের মানুষ নিজেদের জাতীয় দলকে নিয়েও এমন আবেগ উদ্যাপন করবে।

বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো বলেন, ব্রাজিলিয়ানদের কাছে ফুটবল শুধু প্রতিযোগিতা নয়, এটি আনন্দের প্রতীক। তিনি বাংলাদেশের ফুটবলপ্রেমীদের উদ্দেশে বলেন, ফুটবল শান্তি ও সম্প্রীতির খেলা। মাঠে প্রতিদ্বন্দ্বিতা হলেও মাঠের বাইরে সবকিছু শান্তিপূর্ণ থাকা উচিত। আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বলেন, ফুটবল বিভিন্ন দেশ ও সংস্কৃতির মানুষকে একত্র করে। বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের মানুষের মধ্যে এই খেলাটি বন্ধুত্বের সেতুবন্ধন তৈরি করেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাইজার সোহেল আহমেদ বলেন, এই টুর্নামেন্ট এভিয়েশন খাতের দেশি-বিদেশি অংশীদারদের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করবে। এটিজেএফবি সভাপতি তানজিম আনোয়ার বলেন, এভিয়েশন খাতের পেশাজীবীদের মধ্যে সৌহার্দ্য ও সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যেই এই সম্মিলিত প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। টুর্নামেন্ট ডিরেক্টর মো. আদনান রহমান জানান, ভবিষ্যতে এই টুর্নামেন্টকে এভিয়েশন খাতের অন্যতম মর্যাদাপূর্ণ বার্ষিক ক্রীড়া আসরে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী এয়ারলাইন্সগুলো হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার, এয়ার অ্যাস্ট্রা, এমিরেটস, কাতার এয়ারওয়েজ, সৌদিয়া, টার্কিশ এয়ারলাইন্স, এয়ার অ্যারাবিয়া, ইন্ডিগো, ইথিওপিয়ান এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া, থাই এয়ারওয়েজ, এয়ারএশিয়া, সিল্কওয়ে ওয়েস্ট এয়ারলাইন্স এবং ফ্লাই দুবাই। আয়োজনে কো-স্পন্সর হিসেবে রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফার্স্টট্রিপ, ওয়ার্ক স্টেশন ও প্লিয়াদিশ বাংলাদেশ লিমিটেড। এছাড়া স্ট্র্যাটেজিক পার্টনার ঢাকা এয়ারলাইন্স ক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান হসপিটালিটি, মিডিয়া, ইনজুরি ইন্স্যুরেন্স, হাইড্রেশন ও স্বাস্থ্যসেবা পার্টনার হিসেবে সহযোগিতা করছে।