পশ্চিমবঙ্গের জনপ্রিয় শিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায় এবং তাঁর ব্যান্ডের আগামীকাল ঢাকায় পারফর্ম করার কথা ছিল। কিন্তু অনুষ্ঠানের ঠিক একদিন আগে এসে কনসার্টটি স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান ইয়ামাহা মিউজিক বাংলাদেশ।
ইয়ামাহা মিউজিক বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয় যে, সব ধরনের অনুমতি থাকা সত্ত্বেও আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কনসার্টটি আপাতত স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁরা পরবর্তী তারিখ জানাবেন। সেটি সম্ভব না হলে টিকিটের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করা হবে। এছাড়া যে কেউ চাইলে এখন টিকিট রিফান্ড করতে পারবেন।
আগামী ২৬ জুন রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ওয়ান ট্রু সাউন্ড’ নামের এই বিশেষ কনসার্টটি হওয়ার কথা ছিল। ইয়ামাহা মিউজিক বাংলাদেশ ও ট্রিপল টাইম কমিউনিকেশনসের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানে অনুপম রায়ের পাশাপাশি ‘বেঙ্গল সিম্ফনি’রও পারফর্ম করার কথা ছিল।
