অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তনের সম্ভাবনা
লিওনেল মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে পরাজিত করে বিশ্বকাপ অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। এবার অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামার আগে দলের একাদশে রদবদল আনার পরিকল্পনা করছেন কোচ লিওনেল স্কালোনি।
আগামী ২২ জুন (সোমবার) বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া একে অপরের মুখোমুখি হবে। এই ম্যাচের আগে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন ডিফেন্ডার গঞ্জালো মন্টিয়েল। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেও অস্ট্রিয়ার বিপক্ষে তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মন্টিয়েলের পরিবর্তে রক্ষণভাগে নাহুয়েল মোলিনাকে দেখা যেতে পারে। এছাড়া আক্রমণভাগেও কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
আলজেরিয়ার বিপক্ষে শুরুর একাদশে থাকা থিয়েগো আলমাদার জায়গায় নিকোলাস গঞ্জালেস সুযোগ পেতে পারেন। গতি, প্রেসিং এবং ফাঁকা জায়গা কাজে লাগানোর দক্ষতার কারণে কোচ স্কালোনি অস্ট্রিয়ার বিপক্ষে তাকে এগিয়ে রাখছেন।
আরেকটি উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে স্ট্রাইকার পজিশনে। চোট থেকে ফেরা হুলিয়ান আলভারেজকে শুরু থেকেই মাঠে নামানোর কথা ভাবছে কোচিং স্টাফ। সেক্ষেত্রে লাউতারো মার্টিনেজকে বেঞ্চে বসতে হতে পারে।
তবে দলের মূল কাঠামোতে বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। গোলপোস্টের দায়িত্বে থাকবেন এমিলিয়ানো মার্টিনেজ। রক্ষণভাগে ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ এবং ফাকুন্দো মেদিনার খেলা প্রায় নিশ্চিত। মাঝমাঠে রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার তাদের দায়িত্ব পালন করবেন। আর আক্রমণভাগের নেতৃত্বে থাকবেন অধিনায়ক লিওনেল মেসি।
