জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সকল শহিদদের আত্মার শান্তি কামনায় বান্দরবানে হাজারো প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচির আয়োজন করা হয়। বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা ৭টায় বান্দরবান সদর উপজেলার উজানী পাড়া রাজগুরু মহা বুদ্ধ বিহার প্রাঙ্গণে এই আবেগঘন অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বান্দরবান পার্বত্য জেলা শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী। তিনি শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাদের আত্মার শান্তি কামনায় প্রদীপ প্রজ্জ্বলন করেন। এসময় রাজগুরু বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উ. সুবন্ন লাংকারা মহাথেরো বিশেষ প্রার্থনা ও ধর্মীয় দেশনা প্রদান করেন।
প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের জেলা পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শহিদদের প্রতি সম্মান জানানোর সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় সাচিং প্রু বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তিনি শহিদদের আদর্শ ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও শহিদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

