নেপালের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল

বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় ও দীর্ঘস্থায়ী হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে জনগণের কল্যাণ এবং উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির আয়োজনে ‘ফ্রি আই ক্যাম্প-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নেপাল ও বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এই চক্ষু শিবিরে বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় রোগ নির্ণয় সেবা প্রদান করা হয়। ‘সবার জন্য দৃষ্টি, প্রতিটি চোখের যত্ন’— এই প্রতিপাদ্যকে সামনে রেখেই এই মানবিক উদ্যোগটি গ্রহণ করা হয়েছে।

মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওসহ বাংলাদেশের মানুষ অত্যন্ত পরিশ্রমী ও মেধাবী। ভৌগোলিকভাবে নেপাল আমাদের খুব দূরে নয়। সীমান্তবর্তী ও প্রত্যন্ত অঞ্চলের অনেক দরিদ্র মানুষ অর্থাভাবে চোখের সুচিকিৎসা নিতে পারেন না। এই চক্ষু শিবিরের মাধ্যমে অসংখ্য মানুষ উপকৃত হবেন। ভবিষ্যতে এ ধরনের মানবিক স্বাস্থ্যসেবা দেশের অন্যান্য এলাকাতেও সম্প্রসারিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতীক কার্কি, এনএনজেএস-এর চেয়ারম্যান প্রফেসর ডা. চেত রাজ পান্ত, বিরাটনগর আই হাসপাতালের চেয়ারম্যান পদ্ম নারায়ণ চৌধুরী, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন এবং সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অনেকে। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. আবু মো. খায়রুল কবির।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য সাধারণ চোখের রোগ শনাক্তকরণ এবং চিকিৎসাসেবা নিশ্চিত করাই ছিল এই শিবিরের মূল লক্ষ্য। বক্তারা বলেন, দৃষ্টিশক্তি মানুষের অন্যতম মূল্যবান সম্পদ। সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত চক্ষু পরীক্ষা অনেক জটিল রোগ প্রতিরোধে সহায়তা করে। দিনব্যাপী এই চক্ষু শিবিরে শত শত মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। অনুষ্ঠানটিতে চিকিৎসক, সমাজসেবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক সেবাগ্রহীতা অংশগ্রহণ করেন।

কন্টেন্ট: সংগৃহীত