মহেশখালীর এলএনজি টার্মিনাল আংশিক চালু, গ্রিডে ফিরল গ্যাস সরবরাহ

দুই সপ্তাহ আগে মহেশখালীতে যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়া এলএনজি টার্মিনালটি পুনরায় আংশিক চালু করা হয়েছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে টার্মিনালটি সচল করা হয়। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) এলএনজি বিভাগের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ নাসির উদ্দিন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে দৈনিক ১১৫ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছিলেন যে, টার্মিনালটিতে আগুন লাগার ঘটনায় সেটি বিকল হয়ে পড়েছিল। এক্সিলারেট এনার্জির এই টার্মিনালটি বন্ধ হয়ে যাওয়ায় দেশে গ্যাসের সরবরাহ প্রায় অর্ধেক কমে গিয়েছিল।

উল্লেখ্য, সমুদ্রপথে আমদানিকৃত এলএনজি গ্রহণ এবং সংরক্ষণের জন্য ভাসমান টার্মিনাল বা এফএসআরইউ ব্যবহৃত হয়। সেখানে এলএনজিকে পুনরায় গ্যাসে রূপান্তর করার পর পাইপলাইনের মাধ্যমে তা জাতীয় গ্রিডে পাঠানো হয়।

কন্টেন্ট: সংগৃহীত