অন্যের ইচ্ছায় দেশ চলবে না, বললেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. মো. মামুন অর রশিদ দৃঢ় কণ্ঠে বলেছেন, বাংলাদেশ তার নিজস্ব গতিতে চলবে এবং অন্য কারও ইচ্ছায় এ দেশ পরিচালিত হবে না। রবিবার সকাল ১০টায় ‘প্রথম ফ্যাসিস্ট বাহিনীমুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস’ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক শোভাযাত্রা শেষে কীর্তনখোলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাচার্য তার বক্তব্যে বলেন, জুলাই মাস আমাদের বিশেষ শিক্ষা দেয়। বিগত ১৭ বছরে দেশের প্রতিটি খাত ধ্বংস করে দেওয়া হয়েছে, যার মধ্যে শিক্ষা ও আর্থিক খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের পায়তারা করা হয়েছিল। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন এবং প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করে যেতে হবে বলে তিনি উল্লেখ করেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক এবং জুলাই স্মৃতিফলক ও জুলাই-২৪ স্মরণিকা প্রস্তুতকরণ কমিটির আহ্বায়ক ড. মো. আলমগীরের মোল্লা। সভায় আরও বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন মো. হারুন-অর-রশিদ, শেরে বাংলা হলের প্রভোস্ট ড. আবদুল আলিম বছির এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মেহেদী হাসান সোহাগ।

এছাড়া কর্মকর্তাদের পক্ষ থেকে প্রকৌশল শাখার উপ-প্রধান প্রকৌশলী মুরশীদ আবেদীন এবং কর্মচারীদের পক্ষ থেকে হাসানুজ্জামান ও ইব্রাহিম বক্তব্য রাখেন। শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস বিভাগের মোশারেফ হোসেন, রসায়ন বিভাগের রাকিব এবং বাংলা বিভাগের মনিরুল ইসলাম আলোচনায় অংশ নেন।

উল্লেখ্য, প্রতিবছর ১৮ জুলাই দিনটিকে ‘প্রথম ফ্যাসিস্ট বাহিনীমুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস’ হিসেবে পালন করা হয়। ২০২৪ সালের এই দিনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুর্বার আন্দোলন ও প্রতিরোধের মুখে ফ্যাসিস্ট বাহিনী বিশ্ববিদ্যালয় এলাকা ত্যাগ করতে বাধ্য হয়েছিল।