বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে সোমবার (৩ আগস্ট) ভোর ৬টার দিকে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শাহ আলম হাওলাদারের বাড়িতে বালুর বস্তার ভেতর লুকিয়ে রাখা বোমা সদৃশ বস্তু থেকে এই বিস্ফোরণ ঘটে। এতে শাহ আলমের স্ত্রী হনুফা বেগম, কন্যা ইতি এবং নাতি ফাহিম গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন।
বিস্ফোরণের বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
শাহ আলম হাওলাদারের ছেলে জামাল জানান, ঘরের পাশে থাকা বালুর বস্তার মধ্যে হঠাৎ বোমাটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় তার মা, বোন ও ভাগিনার শরীরে আগুন ধরে যায়। প্রাণ বাঁচাতে তারা ঘরের সামনে থাকা তুলাতলা নদীতে ঝাঁপিয়ে পড়েন, তবে ততক্ষণে তাদের পরনের কাপড় সম্পূর্ণ পুড়ে যায়। তিনি জানান, বোমাটি কোথা থেকে এসেছে সে বিষয়ে পরিবারের কারো কোনো ধারণা নেই।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করে। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বিস্ফোরকটির ধরন এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত শেষেই নিশ্চিত হওয়া সম্ভব হবে।

