বিরামপুর সীমান্তে ৯ ভারতীয় নারীর পুশইন ঠেকাল বিজিবি ও গ্রামবাসী

দিনাজপুরের বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্ত দিয়ে ৯ জন ভারতীয় নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ভাইগড় সীমান্তের ঘাসুড়িয়া বিওপির আওতাধীন ২৯১ নম্বর সীমান্ত পিলারের ২০-এস এলাকায় এই ঘটনা ঘটে। তবে বিজিবি সদস্য ও স্থানীয় গ্রামবাসীর সম্মিলিত বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

ঘাসুড়িয়া বিওপির কোম্পানি কমান্ডার টি. আলম জানান, ভোরে ভারতের শ্রী রামপুর এলাকা থেকে একজন হিজড়া ও আটজন নারীকে বিএসএফ সদস্যরা বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্য ও স্থানীয় গ্রামবাসী তাদের বাধা দিলে বিএসএফ সদস্যরা তাদের পুনরায় ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নিতে বাধ্য হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোরে বিজিবির বাঁশির শব্দ শুনে তারা ঘুম থেকে উঠে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তারা নয়জন নারীকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে দেখেন। পরে গ্রামবাসী ও বিজিবি সদস্যরা তাদের প্রতিহত করেন। স্থানীয় কাটলা ইউনিয়ন পরিষদের সদস্য শুকুর আলী বলেন, শনিবার ভোরে বিএসএফ নয়জন নারীকে জোর করে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। বিজিবি ও স্থানীয়রা বাধা দিলে তারা ফিরে যেতে বাধ্য হয়।

এরপর সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ওপারে বিএসএফ সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়। এতে সীমান্ত এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শেষ পর্যন্ত পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ায় ওই নয়জন ভারতীয় সীমান্তেই ফিরে যায়।

ঘাসুড়িয়া বিওপির কোম্পানি কমান্ডার টি. আলম আরও বলেন, ভারত থেকে অবৈধভাবে নয়জন নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছিল। বিজিবি সদস্যরা তা প্রতিহত করে তাদের ভারতীয় সীমান্তে ফেরত পাঠিয়েছে। তিনি আরও জানান, সীমান্ত দিয়ে যাতে কোনো ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে বিজিবির টহল আরও জোরদার করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত