বগুড়ার গাবতলী দক্ষিণপাড়া উজগ্রাম হিন্দুপাড়ায় বিদ্যুতিক শর্ট-সার্কিট থেকে সৃষ্ট এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অসহায় শ্রীমতি পলাশী রানীর ঘর-বাড়ি, আসবাবপত্র ও নগদ অর্থ পুড়ে ভস্মীভূত হয়েছে। সোমবার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
জানা গেছে, উজগ্রাম হিন্দুপাড়া গ্রামের হতদরিদ্র ধিরেন চন্দ্র মালীর মেয়ে শ্রীমতি পলাশী রানী প্রতিদিনের মতো অন্যের বাড়িতে এবং স্থানীয় বাজারে ঝাড়ু দেওয়ার কাজ সহ দিনমজুরের কাজ করতে বাইরে গিয়েছিলেন। এরপর তিনি রাত আনুমানিক ৯টার দিকে বাড়ি ফিরে হঠাৎ তার শয়নঘরে আগুন দেখতে পান।
মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে তার দুটি টিনশেড ঘর, ঘরের ভেতরে থাকা সমস্ত আসবাবপত্র, তার বাবার পেশায় ব্যবহৃত ঢোল-ঢাক এবং নগদ অর্থ পুড়ে ছাই হয়ে যায়। ধিরেন চন্দ্র মালীর চিৎকারে গ্রামবাসী দ্রুত এগিয়ে আসেন এবং আগুন নিয়ন্ত্রণে আনেন।
এই অগ্নিকাণ্ডে শ্রীমতি পলাশী রানীর প্রায় ২ লাখ টাকার বেশি ক্ষতি সাধিত হয়েছে। ক্ষতিগ্রস্ত শ্রীমতি পলাশী রানী ও ধিরেন চন্দ্র মালী (৪২-বগুড়া-৭) আসনের মাননীয় সংসদ সদস্য মোরশেদ মিল্টন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আর্থিক সাহায্য ও সুদৃষ্টি কামনা করে আবেদন করেছেন।
