ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্রীনাথপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রুবেল খান (৩১) নামের এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে শ্যামকুড় ইউনিয়নের সীমান্তবর্তী এই এলাকায় ঘটনাটি ঘটে। আহত রুবেল শ্যামকুড় মাঠপাড়া গ্রামের মজিবুল খানের ছেলে।

স্থানীয় ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সূত্রে জানা গেছে, ভোরে রুবেলসহ কয়েকজন ব্যক্তি শ্রীনাথপুর বিওপি সংলগ্ন সীমান্ত এলাকায় অবস্থান করছিলেন। এ সময় বিএসএফের টহল দল তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। এতে রুবেল গুরুতর আহত হন। ঘটনার পর রুবেলসহ অন্যরা বাংলাদেশে ফিরে আসেন। প্রাথমিক অবস্থায় তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

আহত রুবেলের স্ত্রী সানজিদা বেগম জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি দাবি করেন, সোমবার রাতে বাড়ির উঠানে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ বিএসএফের ছোড়া একটি গুলি তার বুকের বাম পাশে নিচের অংশে লাগে।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুল ইসলাম জানিয়েছেন, রুবেলের বুকে রাবার বুলেট লেগেছে বলে তারা জানতে পেরেছেন। তিনি বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন আছেন এবং বিজিবির পক্ষ থেকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বর্তমানে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত