চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর ওপর অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুতে ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যান টোলমুক্ত করার দাবিতে বিক্ষোভ করেছেন চালকরা। গতকাল বিকালে সেতুর বারঘরিয়া এলাকায় সড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করা হয়। জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মী ও চালকরা এই বিক্ষোভে অংশ নেন।

অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যা জনদুর্ভোগ বাড়িয়ে তোলে। বিক্ষোভ চলাকালে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ এবং চাঁপাই পৌর একতা অটোশ্রমিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মো. রকি। বক্তারা অবিলম্বে ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যানকে টোলমুক্ত ঘোষণা করার জন্য কর্তৃপক্ষের প্রতি জোরালো দাবি জানান।