দিল্লির কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়ায় কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে শুক্রবার (২৪ জুলাই) প্রায় দুই ঘণ্টাব্যাপী এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠক শেষে সিজেপি ঘোষণা করেছে যে, তারা কেন্দ্রীয় সরকারকে ২৪ ঘণ্টার একটি আলটিমেটাম দিয়েছে।
বৈঠকে সরকারের পক্ষে প্রতিনিধিত্ব করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডা ও কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। অন্যদিকে সিজেপির পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের জাতীয় মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। বৈঠকে সিজেপি তাদের তিনটি প্রধান দাবির পাশাপাশি শিক্ষা ব্যবস্থার স্থায়ী সংস্কারের লক্ষ্যে পাঁচ দফা প্রস্তাব উত্থাপন করে।
সিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার তাদের দ্বিতীয় ও তৃতীয় দাবির বিষয়ে নীতিগত সম্মতি প্রকাশ করেছে। তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য তারা শনিবার (২৫ জুলাই) দুপুর পর্যন্ত সময় চেয়েছে।
এই ইস্যুতে পরবর্তী বৈঠক শনিবার বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে সিজেপি তাদের অবস্থানে অনড় রয়েছে। সংগঠনটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অপসারণ না করা পর্যন্ত শিক্ষা সংস্কারের পাঁচ দফা এজেন্ডা নিয়ে আর কোনো আলোচনা করা হবে না।

