চৌদ্দগ্রামে সাঁতরে নদী পার হতে গিয়ে কলেজছাত্র নিখোঁজ
কুমিল্লার চৌদ্দগ্রামে বন্ধুদের সাথে সাঁতার কেটে নদী পার হতে গিয়ে মোহাম্মদ শিহাব (১৮) নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৯শে মে) দুপুর আনুমানিক ১টার দিকে চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট উপজেলার সংযোগস্থল জাকজোর-নারান্দিয়া ব্রিজ সংলগ্ন ডাকাতিয়া নদীতে এই ঘটনা ঘটে।
নিখোঁজ শিহাব পার্শ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের নারান্দিয়া গ্রামের জাফর আহমেদ শিফনের ছেলে। সে চট্টগ্রাম বি.এন কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিল। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে এসেছিল শিহাব। তার এই নিখোঁজের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিখোঁজ শিহাবের মামা আসিফ করিম বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুরে শিহাব তার অপর দুই বন্ধুকে নিয়ে নারান্দিয়া গ্রাম থেকে পার্শ্ববর্তী জাকজোর গ্রামে তালের আঁটি খেতে গিয়েছিল। জুমার নামাজের সময় হয়ে যাওয়ায় তারা দ্রুত সাঁতার কেটে মসজিদে আসার জন্য নদীতে নামে। এসময় অন্য দুই বন্ধু সাঁতার কেটে নদী পার হতে পারলেও শিহাব নদীতে হারিয়ে যায়। এখনো শিহাবের কোনো সন্ধান পাওয়া যায়নি।
চৌদ্দগ্রাম ফায়ার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল আলম জানান, আমরা দুপুর আনুমানিক ১টা ২৫ মিনিটে কলেজছাত্র শিহাবের নিখোঁজ হওয়ার খবর পাই। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধারের চেষ্টা করি। তাৎক্ষণিকভাবে আমরা চাঁদপুর থেকে ডুবুরি টিমকেও খবর পাঠাই। মোহাম্মদ আলীর নেতৃত্বে চাঁদপুরের ডুবুরি টিম বিকেল থেকে আনুমানিক এক ঘণ্টা চেষ্টা করেও নিখোঁজ শিহাবকে উদ্ধার করতে পারেনি। সন্ধ্যা হয়ে যাওয়ায় উদ্ধার কার্যক্রম স্থগিত রাখা হয়েছে এবং আগামীকাল সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হবে বলে তারা জানিয়েছে।
