দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

ভারী বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাঙামাটি জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বৃহস্পতিবার (৯ জুলাই) বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কফিল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাকৃতিক দুর্যোগ ও টানা বৃষ্টির ফলে বিভিন্ন এলাকায় পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। একইসঙ্গে নদী পথে পাহাড়ি ঢলের সৃষ্টি হয়েছে, যা শিক্ষার্থীদের চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। শিশুদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বৃহস্পতিবার জেলার সব প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিদ্যালয়গুলোর অফিস খোলা থাকবে।

এর আগে বুধবার (৮ জুলাই) সব ধরনের কার্যক্রম বন্ধ ছিল, তবে বৃহস্পতিবার শুধুমাত্র পাঠদান স্থগিত থাকবে। আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাঙামাটিতে ৮৮ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।