বাজার মনিটরিং কার্যক্রমকে আরও ফলপ্রসূ, সমন্বিত ও কার্যকর করার লক্ষ্যে সংশ্লিষ্ট সব অংশীজনের পারস্পরিক সহযোগিতা এবং টিম লিডারদের নেতৃত্ব দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান। রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত বাজার মনিটরিং কাজে নিয়োজিত টিম লিডারদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক এক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাণিজ্য সচিব বলেন, বাজার তদারকির সঙ্গে যুক্ত প্রতিটি প্রতিষ্ঠান একটি অভিন্ন লক্ষ্য নিয়ে কাজ করছে। এখানে সক্ষমতার ঘাটতির চেয়েও বড় চ্যালেঞ্জ হলো কার্যকর সমন্বয়, পারস্পরিক সহযোগিতা এবং মাঠপর্যায়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা নিশ্চিত করা। তার মতে, মোটিভেশন কেবল একটি ধারণা নয়, বরং এটিকে বাস্তব কর্মপরিকল্পনার মাধ্যমে মাঠপর্যায়ে প্রয়োগ করতে হবে। অভিজ্ঞতা বিনিময় এবং কার্যকর কর্মপদ্ধতি অনুসরণের মাধ্যমেই বাজার ব্যবস্থাপনাকে আরও গতিশীল করা সম্ভব।
বাণিজ্য সচিব উল্লেখ করেন, বাজার মনিটরিং কার্যক্রম বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত হলেও বাস্তবে এটি সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থার সমন্বিত দায়িত্ব। মাঠপর্যায়ে দ্রুত উপস্থিতি, সমন্বিত কার্যক্রম এবং দায়িত্বশীলতা এই ব্যবস্থার মূল শক্তি। টিম লিডারদের উদ্দেশে তিনি বলেন, নেতৃত্ব হতে হবে দক্ষ, সময়োপযোগী ও ফলাফলনির্ভর। মাঠপর্যায়ে কোনো সমন্বয়হীনতা দেখা দিলে তা দ্রুত সমাধান করে কার্যক্রমকে সুশৃঙ্খলভাবে এগিয়ে নিতে হবে। প্রতিটি বিভাগের ছোট ছোট সফল উদ্যোগই সামগ্রিক বাজার ব্যবস্থাপনাকে শক্তিশালী করে, তাই প্রতিটি কর্মকর্তার পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের পরিকল্পনার কথা উল্লেখ করে বাণিজ্য সচিব জানান, মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দ্রুতই একটি পাওয়ার অ্যাপ (Power App) উন্নয়ন, টিসিবির কার্যক্রমে এআই-ভিত্তিক (AI) মডেল প্রণয়ন এবং বিদ্যমান বাজার মনিটরিং অ্যাপকে আরও উন্নত ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে মাঠপর্যায়ে বাজার নজরদারি কার্যক্রম আরও জোরদার করার কথাও জানান তিনি।

