সাইবার নিরাপত্তা জোরদারে নতুন দুই প্ল্যাটফর্ম চালু করল এনসিএসএ

দেশের সাইবার নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত এবং শক্তিশালী করার লক্ষ্যে দুটি আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ)। প্ল্যাটফর্ম দুটি হলো সাইবার ঘটনা প্রতিবেদন ব্যবস্থা বা সিআইআরএস (CIRS) এবং জাতীয় তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তা রেটিং ব্যবস্থা বা এনআরএস (NRS)। একই অনুষ্ঠানে জাতীয় সাইবার নিরাপত্তা কৌশল ২০২৬-২০৩০-এর প্রাথমিক খসড়া উপস্থাপন করে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্ল্যাটফর্ম দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, এই দুটি প্ল্যাটফর্ম চালুর মধ্য দিয়ে বাংলাদেশের সাইবার নিরাপত্তা ব্যবস্থায় একটি নতুন অধ্যায়ের সূচনা হলো।

ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে সাইবার হামলা, তথ্য চুরি, অনলাইন প্রতারণা এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি জানান, সিআইআরএস প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিক ও বিভিন্ন প্রতিষ্ঠান সহজেই সাইবার ঘটনার অভিযোগ জানাতে পারবে, যার ফলে দ্রুত প্রতিকার পাওয়া সম্ভব হবে। অন্যদিকে, এনআরএস সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা সক্ষমতা মূল্যায়ন ও উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে। মন্ত্রী এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, সাইবার নিরাপত্তা আইন প্রণয়নের পর এটি বাংলাদেশের জন্য একটি নতুন যাত্রা। তবে তিনি সতর্ক করে বলেন, এ ক্ষেত্রে আত্মতুষ্টির কোনো অবকাশ নেই। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ও বিভ্রান্তিমূলক প্রচারণা বন্ধে সচেতনতার পাশাপাশি ব্যাংকিং, আর্থিক খাত ও সরকারি তথ্যভাণ্ডারের নিরাপত্তা বাড়ানোর ওপর জোর দেন। ভবিষ্যতে সাইবার ঝুঁকি মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্যপ্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ তৈরির বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।

সিআইআরএস প্ল্যাটফর্মের কার্যকারিতা সম্পর্কে জানানো হয়েছে যে, এর মাধ্যমে নাগরিক ও অনুমোদিত ব্যবহারকারীরা কাঠামোগতভাবে সাইবার ঘটনার অভিযোগ জানাতে পারবেন, যা যাচাই-বাছাই ও নিষ্পত্তির সমন্বিত প্রক্রিয়ায় পরিচালিত হবে। এছাড়া এনআরএস ব্যবস্থাটি চারটি মূল স্তম্ভ এবং ১৩১টি নির্ণায়কের ভিত্তিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা মূল্যায়ন করে ই গ্রেড পর্যন্ত রেটিং প্রদান করবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী (অব.), আইসিটি বিভাগের কর্মকর্তা এবং বিভিন্ন অংশীজনরা।

কন্টেন্ট: সংগৃহীত