রাজধানীর শাহবাগে অবস্থিত আজিজ সুপার মার্কেটের একটি কক্ষ থেকে ফারাহ ফেরদৌস (৩২) নামের এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন। নিহত ওই চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কার্ডিওভাসকুলার কোর্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হিসেবে অধ্যয়নরত ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কক্ষ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে আশেপাশের লোকজন বিষয়টি বুঝতে পারেন। পরে তারা পুলিশকে খবর দিলে আইনশৃঙ্ক্ষলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দরজা ভেঙে ওই চিকিৎসকের পচন ধরা মরদেহ উদ্ধার করেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে যে, বেশ কিছুদিন আগেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
