আগামীর বাংলাদেশে চিকিৎসার অভাবে যেন কেউ প্রাণ না হারায়: ডা. জুবাইদা

জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান দেশের গ্রামীণ স্বাস্থ্যসেবার বর্তমান দুরবস্থার কথা তুলে ধরে একটি উন্নত চিকিৎসাব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল ও কলেজ অডিটোরিয়ামে আয়োজিত ‘বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষাক্ষেত্রে কৃতিত্বের সম্মাননা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তাগিদ দেন।

ডা. জুবাইদা রহমান বলেন, বাংলাদেশে বর্তমানে চিকিৎসক ও রোগীর অনুপাত প্রতি এক হাজারে মাত্র শূন্য দশমিক ৮৩। এই হিসাব অনুযায়ী একজন চিকিৎসককে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৮০০ অসুস্থ মানুষের সেবা দিতে হয়। গ্রামাঞ্চলের চিত্র আরও নাজুক এবং সরকারি চিকিৎসকদের অনুপাত প্রতি ৬ হাজার ৫০০ মানুষের জন্য মাত্র একজন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী চিকিৎসকের ক্ষেত্রে প্রতি হাজারে ২ দশমিক ২৮ এবং নার্সের ক্ষেত্রে ১ দশমিক ৪৮ থাকার কথা থাকলেও বাংলাদেশে নার্সের অনুপাত প্রতি হাজারে শূন্য দশমিক ৫৪৯।

তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশবাসীকে সেবার মানসিকতা নিয়ে কাজ করলে এই সংকট অবশ্যই সমাধানযোগ্য। ডা. জুবাইদা বলেন, ‘আগামীর বাংলাদেশে যেন কোনো রোগাক্রান্ত গ্রামবাসী চিকিৎসার অভাবে প্রাণ না হারায়, কোনো অন্তঃসত্ত্বা মাকে যেন আমরা না হারাই, কোনো নবজাতক যেন তার মায়ের কোল খালি করে চলে না যায়। এমন একটি চিকিৎসাব্যবস্থা গড়ে তোলা সম্ভব, যা পৃথিবীর বুকে দৃষ্টান্ত স্থাপন করবে।’

তরুণ চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের দিকেই তাকিয়ে আছে বাংলাদেশ। আপনারা নিশ্চয়ই মেধা, শ্রম, অধ্যবসায় ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবার কাঙ্ক্ষিত চিকিৎসাব্যবস্থা গড়ে তুলবেন।’ মেডিকেল শিক্ষার্থীদের মানবিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আপনারা দেশের অন্যতম মেধাবী ছাত্রছাত্রী এবং মেধার পাশাপাশি আপনাদের আছে মানবিক মন। চিকিৎসক হয়ে অসুস্থ মানুষকে সুস্থ করার মধ্যেই জীবনের সার্থকতা ও আত্মতৃপ্তি নিহিত রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত