শিল্পকলা একাডেমিতে ইলেকট্রনিক মিউজিকের কর্মশালা ও লাইভ পরিবেশনা

আধুনিক নগর জীবনের শব্দ, প্রযুক্তি এবং সৃজনশীলতার মেলবন্ধন তৈরি করার লক্ষ্যে ‘নতুন শব্দ: ইলেকট্রনিক মিউজিকের কর্মশালা ও মঞ্চ পরিবেশনা’ শীর্ষক একটি বিশেষ আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আজ শনিবার জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে এই আয়োজনটি অনুষ্ঠিত হচ্ছে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ শিল্পকলা একাডেমি জানিয়েছে যে, দিনব্যাপী এই আয়োজনের প্রথম অংশে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ইলেকট্রনিক মিউজিকের ওপর একটি কর্মশালা পরিচালনা করা হবে।

এই কর্মশালায় অংশগ্রহণকারীরা ইলেকট্রনিক সংগীতের মৌলিক বিষয়াবলি, সাউন্ড ডিজাইন, বিট-মেকিং, লাইভ সেটআপ এবং সফটওয়্যার ও হার্ডওয়্যার ব্যবহারের প্রাথমিক কৌশলগুলো শেখার সুযোগ পাবেন। তরুণ ও উদীয়মান সংগীতশিল্পী, সাউন্ড আর্টিস্ট এবং সংগীতে আগ্রহী নতুন প্রজন্মের প্রতিনিধিদের প্রশিক্ষণ দেবেন শাদওয়ান চৌধুরী, নাজমুস সাকিব ও হাসিব মাহমুদ।

আয়োজনের দ্বিতীয় পর্বে সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত থাকছে ইলেকট্রনিক সংগীতের লাইভ পরিবেশনা। এতে দেশের সমকালীন ইলেকট্রনিক মিউজিক চর্চায় সক্রিয় থাকা শিল্পী ও সাউন্ড আর্টিস্টরা অংশ নেবেন। বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ ও প্রযোজনা বিভাগ এবং এতে সহযোগিতা করছে ইলেকট্রনিক সংগীতশিল্পীদের সংগঠন ‘ব্রেকফাস্ট ক্লাব’।”