২০২৬-২৭ অর্থবছরে ৬৩.৪০ বিলিয়ন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ

২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সভায় এই লক্ষ্যমাত্রা চূড়ান্ত করা হয়। সভা শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সাংবাদিকদের এ তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী জানান, নির্ধারিত এই লক্ষ্যমাত্রার মধ্যে পণ্য রপ্তানি খাত থেকে ৫৫ দশমিক ২০ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮ দশমিক ২০ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা করা হয়েছে।

রপ্তানি বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বর্তমানে দেশের মোট রপ্তানির প্রায় ৮৫ শতাংশই তৈরি পোশাক শিল্পের ওপর নির্ভরশীল। এই নির্ভরশীলতা কমিয়ে চামড়া ও চামড়াজাত পণ্য, তথ্যপ্রযুক্তি এবং জাহাজ নির্মাণ শিল্পকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার। এসব খাতের উন্নয়নে শিগগিরই সুনির্দিষ্ট পদক্ষেপ ঘোষণা করা হবে বলে তিনি উল্লেখ করেন।

মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) বিষয়ে বাণিজ্যমন্ত্রী জানান, আগামী কয়েক দিনের মধ্যে দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে চুক্তি সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ডিসেম্বরের মধ্যে আরও চার থেকে পাঁচটি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনা শেষ হতে পারে এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও আলোচনা শুরুর প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশের জন্য ১০ শতাংশ শুল্ক বহাল আছে। শুল্কের নাম পরিবর্তন হলেও হার অপরিবর্তিত থাকায় বাংলাদেশের রপ্তানিতে তাৎক্ষণিকভাবে বড় কোনো প্রভাব পড়বে না। এছাড়া ব্যবসা-বাণিজ্যের প্রসারে একটি স্থিতিশীল ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার শুরু থেকেই বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করতে কাজ করে যাচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত