ইতালির ব্যবসায়িক সংগঠন কনফেডারসেন্টি শনিবার এক সতর্কবার্তায় জানিয়েছে যে, দেশটিতে ক্রমবর্ধমান তীব্র তাপপ্রবাহের কারণে প্রতি বছর ৬ বিলিয়ন ইউরো (৭ বিলিয়ন ডলার) থেকে ১২ বিলিয়ন ইউরো (১৩.৮ বিলিয়ন ডলার) পর্যন্ত অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। ইতালীয় সংবাদ সংস্থা এএনএসএ-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই আর্থিক ক্ষতি দেশটির মোট জিডিপির ০.২ শতাংশ থেকে ০.৪ শতাংশের সমতুল্য।
সংগঠনটির মতে, বছরে ৩০ থেকে ৬০ দিন তীব্র দাবদাহের মধ্যে জীবনযাপন করা ইতালির অর্থনীতির ওপর একটি বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। এই ক্ষতির হিসাবের মধ্যে রয়েছে জ্বালানি খরচ বৃদ্ধি, শ্রম উৎপাদনশীলতা হ্রাস, ক্রমবর্ধমান তাপমাত্রার সাথে খাপ খাইয়ে নিতে বাধ্য হয়ে করা অতিরিক্ত বিনিয়োগ এবং পর্যটনসহ বিভিন্ন খাতে ভোক্তা ব্যয় কমে যাওয়ার মতো বিষয়গুলো।
কনফেডারসেন্টির প্রেসিডেন্ট নিকো গ্রনচি তীব্র তাপপ্রবাহকে 'প্রকৃত জলবায়ু কর' হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, এটি এখন একটি কাঠামোগত অর্থনৈতিক উপাদানে পরিণত হয়েছে, যা বিনিয়োগ, উৎপাদনশীলতা এবং ভোক্তা অভ্যাসকে সরাসরি প্রভাবিত করছে।
গ্রনচি আরও সতর্ক করে বলেন যে, ক্রমবর্ধমান তাপমাত্রার এই অর্থনৈতিক প্রভাব কেবল ব্যক্তি পরিবার বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রচেষ্টায় মোকাবিলা করা সম্ভব নয়। তিনি জোর দিয়ে বলেন, এই চ্যালেঞ্জ মোকাবিলায় কাঠামোগত সরকারি হস্তক্ষেপ বা পদক্ষেপ নেওয়া জরুরি।

