সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক হঠাৎ করেই এক প্রযুক্তিগত বিভ্রাটের কবলে পড়েছে। রোববার (১৯ জুলাই) দুপুর প্রায় ১টা ৪০ মিনিট থেকে এ সমস্যার কথা জানাতে শুরু করেন দেশের অনেক ব্যবহারকারী। এই বিভ্রাটের ফলে প্ল্যাটফর্মটির নিউজফিড লোড হওয়া, পোস্ট দেখা এবং বিভিন্ন ফিচার ব্যবহারের ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হয়েছে।
ব্যবহারকারীদের অভিযোগ অনুযায়ী, ফেসবুক অ্যাপ চালু থাকলেও নিউজফিড রিফ্রেশ হচ্ছে না এবং নতুন পোস্ট দেখা যাচ্ছে না। ফলে অনেকেই স্বাভাবিকভাবে এই প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারছেন না। তবে ফেসবুকের পাশাপাশি মেসেঞ্জার বা মেটার মালিকানাধীন অন্যান্য সেবায় একই ধরনের সমস্যা তৈরি হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এখন পর্যন্ত এ বিভ্রাটের সুনির্দিষ্ট কারণ বা সেবা স্বাভাবিক হওয়ার সম্ভাব্য সময় সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বক্তব্য প্রদান করেনি। তবে অতীতেও মেটার বিভিন্ন সেবা যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারে সাময়িক প্রযুক্তিগত বিভ্রাট দেখা গেছে, যেগুলোতে কয়েক ঘণ্টার মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছিল। চলমান এ সমস্যার দ্রুত সমাধান পাওয়া যাবে বলেই প্রত্যাশা করছেন ব্যবহারকারীরা।

