বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আর্জেন্টিনার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে। ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে রাজনৈতিক বার্তা সম্বলিত ব্যানার প্রদর্শনের ঘটনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বড় ধরনের শাস্তির মুখে পড়তে পারে।
স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, ফিফা খুব দ্রুতই এএফএকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি অবহিত করবে। এরপর সংশ্লিষ্টদের বক্তব্য এবং ব্যাখ্যা শোনার জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করা হবে। তবে এই ঘটনায় খেলোয়াড়দের ম্যাচ নিষেধাজ্ঞার সম্ভাবনা খুবই কম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অতীতে এ ধরনের ঘটনায় ফিফা সাধারণত আর্থিক জরিমানা আরোপ করে থাকে, এবারও সেই নজির অনুসরণের সম্ভাবনা রয়েছে।
গত বুধবার আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২-১ গোলে ইংল্যান্ডকে পরাজিত করে। ম্যাচ শেষে উদযাপনের সময় আর্জেন্টিনার খেলোয়াড়দের হাতে ‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’ লেখা একটি ব্যানার দেখা যায়। এর বাংলা অর্থ হলো ‘ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার’। দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এই দ্বীপপুঞ্জ নিয়ে কয়েক দশক ধরে বৃটেন ও আর্জেন্টিনার মধ্যে সার্বভৌমত্ব বিরোধ চলছে, যেখানে বৃটেন একে ফকল্যান্ডস এবং আর্জেন্টিনা মালভিনাস নামে চেনে।
ফিফার স্টেডিয়াম আচরণবিধি অনুযায়ী, স্টেডিয়ামের ভেতরে রাজনৈতিক, বৈষম্যমূলক বা আপত্তিকর বার্তা সম্বলিত ব্যানার, পতাকা, পোশাক বা লিফলেট প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ। উল্লেখ্য, ২০১৪ সালে স্লোভেনিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচের আগে একই ধরনের ‘মালভিনাস’ বার্তাসংবলিত ব্যানার প্রদর্শনের দায়ে ফিফা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে ২০ হাজার পাউন্ড জরিমানা করেছিল।

