বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনা দলের আচরণে তদন্তে নামছে ফিফা

স্পেনের বিপক্ষে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচ পরবর্তী সময়ে আর্জেন্টিনা দলের কয়েকজন খেলোয়াড় ও কোচিং স্টাফদের আচরণ নিয়ে শৃঙ্খলাভঙ্গের তদন্ত শুরু করতে যাচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সোমবার (২০ জুলাই) স্কাই স্পোর্টস নিউজ এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, ম্যাচের রেফারিদের জমা দেয়া প্রতিবেদন এবং ভিডিও ফুটেজ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

তদন্তের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দুতে রয়েছে ম্যাচ শেষে লিয়ান্দ্রো পারেদেসের লাল কার্ডের ঘটনা। শিরোপা উদ্যাপনের সময় স্পেনের কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে তার হাতাহাতির বিষয়টি খতিয়ে দেখা হবে। এছাড়া উদ্যাপনের মুহূর্তে স্পেনের মিডফিল্ডার রদ্রিকে ঘুষি মারার চেষ্টার অভিযোগে নাহুয়েল মোলিনার কর্মকাণ্ডও তদন্তের আওতায় রাখা হয়েছে।

খেলোয়াড়দের পাশাপাশি আর্জেন্টিনা দলের সহকারী কোচ রবার্তো আয়ালার বিরুদ্ধেও গুরুতর অভিযোগ উঠেছে। স্পেনের মিডফিল্ডার দানি ওলমোকে ধাক্কা দেয়ার ঘটনায় তার সম্পৃক্ততা ছিল কি না, তা নিয়ে তদন্ত করবে ফিফা।

কেবল মাঠের সংঘর্ষ নয়, ট্রফি প্রদান অনুষ্ঠানে আর্জেন্টিনা দলের সামগ্রিক আচরণও তদন্তের অন্তর্ভুক্ত থাকবে। অভিযোগ রয়েছে, স্পেন যখন বিশ্বকাপ ট্রফি গ্রহণ করছিল, তখন আর্জেন্টিনার কয়েকজন ফুটবলার ইচ্ছাকৃতভাবে তাদের দিকে পিঠ ফিরিয়ে দাঁড়িয়েছিলেন, যা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে।

তবে ফিফা এখন পর্যন্ত সম্ভাব্য শাস্তির বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই সংস্থাটি চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। ধারণা করা হচ্ছে, এ বিষয়ে আনুষ্ঠানিক রায় প্রকাশ করতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।

কন্টেন্ট: সংগৃহীত